১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইউরোপীয় পর্যবেক্ষক পাঠাবে ফিনল্যান্ড
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:২০
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল টিমের সঙ্গে ফিনল্যান্ডের পর্যবেক্ষকরাও যোগ দেবেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব (ইস্ট অ্যান্ড ওয়েস্ট) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূত এইচ ই কিম্মো ল্যাহদেভির্তা।
সাক্ষাৎকালে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। ড. নজরুল ইসলাম তাকে বাংলাদেশের চলমান রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় গণভোটের প্রস্তুতির বিষয়টিও তুলে ধরেন।
রাষ্ট্রদূত জানান, গণতান্ত্রিক এই রূপান্তর ও সংস্কার উদ্যোগে ফিনল্যান্ডের পূর্ণ সমর্থন রয়েছে।
বাণিজ্যিক গুরুত্বের বিষয়ে আলোচনায় ড. নজরুল ইসলাম এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য ‘জিএসপি প্লাস’ সুবিধা অর্জনে ফিনল্যান্ডের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত ল্যাহদেভির্তা বাংলাদেশের শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রশংসা করেন।
তিনি বলেন, রূপান্তরকালীন সুবিধা শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন একটি বাণিজ্যিক ব্যবস্থার প্রয়োজন হবে। এ সময় তিনি সম্ভাব্য বাংলাদেশ–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রতি ফিনল্যান্ডের জোরালো সমর্থনের কথা ব্যক্ত করেন।
উভয় পক্ষ ২০২৫ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম (বিপিসিএস) ও ফিনল্যান্ডের প্রখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানান। এই প্রকল্পের মাধ্যমে সিঙ্গাপুর থেকে কক্সবাজার পর্যন্ত বাংলাদেশের প্রথম বেসরকারি সাবমেরিন কেবল স্থাপিত হতে যাচ্ছে। এ ছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন এবং আসন্ন ব্যবসায়িক অনুষ্ঠানগুলোতে ফিনিশ ব্যবসায়ীদের অংশগ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে ড. নজরুল ইসলাম আসন্ন নর্ডিক ডে উদ্যাপন উপলক্ষে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানান।
ইউডি/এআর

