ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:৫০

পাবনা–১ ও ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থীর করা আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, এ আদেশের ফলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে পাবনা–১ ও ২ আসনেও ভোটগ্রহণে আর কোনো বাধা নেই।

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অপরদিকে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।

পাবনা-১ ও ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগে গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনে পাবনা-১ ও ২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনি কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই আবেদন করেন।

এর আগে ১০ জানুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানাসংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।

এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানাসংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

এর আগে ৫ জানুয়ারি পাবনা-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত বছরের ২৪ ডিসেম্বরের জারি করা গেজেট স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়।

গত ১৮ ডিসেম্বর পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

একইসঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। লিভ টু আপিল মঞ্জুর করে হাইকোর্টের সেই রায় স্থগিত করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading