কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয় যথেষ্ট হয়েছে: আসিফ নজরুল

কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয় যথেষ্ট হয়েছে: আসিফ নজরুল

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫০

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে তেমনটি এর আগে আর হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘এটা সবিনয়ে বলব এবং অত্যন্ত জোরে বলব।’

আজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে আসিফ নজরুল এসব কথা বলেন।

সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা। রাজনীতিক, আইনজীবি, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেন।

আসিফ নজরুল বলেন, এখন একটা ‘কমন ট্রেন্ড’ হচ্ছে, কী কী সংস্কার হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন করা। প্রশ্ন করা খুবই ভালো। তবে প্রশ্ন করার মধ্যে তিন ধরনের নেতিবাচক বাস্তবতা দেখা যায়।

আইন উপদেষ্টা বলেন, অনেকে বলেন, কোনো সংস্কার হয়নি। অন্তবর্তী সরকারের সময়ে শুধুমাত্র ফিন্যান্সিয়াল ও ব্যাংকিং সেক্টরে যে সংস্কার হয়েছে, তার ফল সবাই দেখতে পাচ্ছে। ব্যাংকিংয়ের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। রেমিটেন্স যেকোনো সময়ের চেয়ে বেশি। দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এগুলো সংস্কার ছাড়া করা সম্ভব ছিল না। তাই কোনো সংস্কার হয়নি—কথাটি ঠিক না। যথেষ্ট সংস্কার হয়েছে। সময়ের বিবেচনায় হয়তো আরও হতে পারত।

যেসব সংস্কার হয়েছে, তা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে বলে মন্তব্য করেন করেন আসিফ নজরুল। উদাহরণ হিসেবে তিনি পুলিশ কমিশন অধ্যাদেশের কথা বলেন। এটি নিয়ে তাঁর নিজেরও হতাশা রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, তারপরও যেটা হয়েছে, সেটা তুচ্ছ নয়।

সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, অনেকে বলেন, সরকার কারও সঙ্গে কোনো পরামর্শ করেনি। এটা খুব হাস্যকর একটা কথা। যে কমিশনগুলো করা হয়েছে, এত এক্সটেনসিভ লেভেলে কনসালটেশন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার সময়ও করা হয়নি।

নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, বলা হয় যে, তাঁদের কথা রাখা হয়নি। তাঁরা ১০টা কথা বললে, অন্তত ৬টা রাখা হয়েছে।

এ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘প্লিজ, সত্য কথা বলেন।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading