সাভারে কমিউনিটি সেন্টার থেকে ফের পোড়া মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:৫৫
সাভারের পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে ফের দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহতদের একজন নারী ও অপর জন শিশুপুত্র হতে পারে। এর আগেও একই স্থান থেকে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাব করার উদ্দেশে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা টয়লেটের ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের প্রস্তুতির জন্য পাঠানো হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ বলেন, ‘মরদেহ দুটি আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
এর আগে গত ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর গত ১১ অক্টোবর রাতে প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ পাওয়া যায়।
সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দুপুরে ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো নিহতদের কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ইউডি/রেজা

