নীতিনির্ধারণী পর্যায়ে প্রথম বক্তব্য, যা বললেন জাইমা রহমান
উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৪০
দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণে কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।জাইমা রহমান বলেন, এ আলোচনায় অংশগ্রহণকারীরা সবাই এক রকম নন।
সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন। তবুও তারা একত্রে বসে আলোচনা করছেন, কারণ সবাই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভাবছেন। এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলা ও পরস্পরের বক্তব্য শোনা গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
তিনি জানান, এটি বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ে তার প্রথম বক্তব্য। নিজের কাছে সব প্রশ্নের উত্তর নেই বা সব সমস্যার সমাধান জানা নেই—এ কথা স্বীকার করে তিনি বলেন, তবুও প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা জরুরি।
জাইমা রহমান বলেন, আজ তিনি এসেছেন শুনতে, শিখতে এবং সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যেতে।নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে উপেক্ষা করে বাংলাদেশ কখনোই কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবে না।
আলোচনা সভায় অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো অর্থায়নের সুযোগের অভাব। বিশেষ করে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন।
ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ বলেন, নারীদের কেবল জনসংখ্যার অংশ হিসেবে নয়, বরং মানবসম্পদ হিসেবে দেখতে হবে।
নারীদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে কার্যকর নীতি ও উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন।
ইউডি/এআর

