ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন, সিইসিকে জানিয়ে এলেন ফখরুল

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন, সিইসিকে জানিয়ে এলেন ফখরুল

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:৫০

নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছে বিএনপি। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়ে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে আপিলের শেষ দিন আজ রোববার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান বিএনপি মহাসচিব।

তাঁর সঙ্গে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর তাঁরা বেরিয়ে আসেন।

এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ইসি অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে বলে তাঁরা মনে করেন। তাঁরা সে বিষয়গুলো সিইসিকে জানিয়েছেন।তাঁরা চাইছেন, ইসি যেন নিরপেক্ষ ভূমিকা রাখে।

মাঠপর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি।

সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে তদন্তপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।’

এর সঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তাঁরা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন।

আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি।’যাঁদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন, তাঁরা কোন দলের পক্ষে কাজ করছেন, তা খোলাসা করেননি বিএনপি মহাসচিব। তাঁর অভিযোগের বিষয়ে ইসির কোনো প্রতিক্রিয়ায়ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর নাম ধরে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মুঠোফোন নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স, এ বিষয়ে আমরা ইতিপূর্বে আপত্তি জানিয়েছি।

এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সে আহ্বান (ইসিকে) জানিয়েছি।’

ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করার অনৈতিক কূটকৌশল হিসেবে দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, মোট কতসংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছে, তার বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করার জন্য ইসিকে অনুরোধ করেছেন তাঁরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading