‘শাকসু নির্বাচন বন্ধ করা ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’
উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫৭
২০ জানুয়ারি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও যুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ছাত্রদলের টানা আন্দোলনের মুখে আলোচিত এই নির্বাচন শেষমেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। বলেছেন, নির্বাচন কমিশন ঘেরাও, আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে সাদিক কায়েম বলেন, ‘ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
সব রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে শাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হতে হবে। এর ব্যত্যয় হলে তা ছাত্রসমাজ কোনোভাবে মেনে নেবে না।’
এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন শাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
রিটে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।
সে নির্দেশনার আলোকে শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে দাবি করা হয়। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউডি/এআর

