ছাগলের’ সঙ্গে তুলনা করে উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২০
অদক্ষতা ও নিষ্ক্রিয়তার অভিযোগে উপ-প্রধানমন্ত্রী ইয়াং সেউং হোকে বরখাস্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তাকে ‘ছাগলের’ সঙ্গে তুলনা করে কড়া ভাষায় সমালোচনা করেন কিম।
সোমবার (১৯ জানুয়ারি) দেশটির রেনসন মেশিন-বিল্ডিং অ্যাসোসিয়েশনের পুনর্গঠন ও আধুনিকায়নের প্রথম ধাপ সম্পন্ন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
অনুষ্ঠানে কিম জং উন বলেন, গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার জন্য অর্থনৈতিক নীতিনির্ধারণী কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতা ও অযোগ্যতাই দায়ী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন।
ইয়াং সেউং হোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কিম বলেন, ‘এটি ছিল ছাগলের পেছনে গরুর গাড়ি জুড়ে দেওয়ার মতো।
আমাদের নিয়োগপ্রক্রিয়ায় এটি একটি স্পষ্ট ভুল ছিল, কারণ গরুর গাড়ি গরুই টানে, ছাগল নয়।’এ সময় কিম ঘোষণা করেন, ‘আজ থেকে আমি ঘোষণা করছি, কমরেড উপ-প্রধানমন্ত্রী, আপনি বরখাস্ত।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান অর্থনৈতিক নীতিনির্ধারকদের দিয়ে দেশের শিল্প পুনর্গঠন ও প্রযুক্তিগত আধুনিকায়ন সম্ভব নয়। ক্ষমতাসীন দল এ বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
কিমের ভাষ্য অনুযায়ী, অদক্ষ ও দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের কারণে প্রকল্পটিতে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ অর্থ ও শ্রম অপচয়ের পাশাপাশি অস্ত্র শিল্প খাতকে অতিরিক্ত চাপ বহন করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: এবিসি নিউজ
ইউডি/এআর

