ঢাবিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ
উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ থেকে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন কার্যক্রম চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল কোনো প্রার্থী পুনঃনিরীক্ষায় আগ্রহী হলে নির্ধারিত সময়ের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।
পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারীকে নগদ এক হাজার টাকা ফি প্রদান করতে হবে। আবেদনপত্রটি ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ বরাবর লিখে সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইন থেকে প্রিন্ট করা ফলাফলের কপি সংযুক্ত করতে হবে।
নির্দেশনায় আরও জানানো হয়, পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের নির্ধারিত অংশেও ফলাফল পাওয়া যাবে।
ইউডি/কেএস

