রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, সেখান থেকে শুরু হবে নির্বাচনি প্রচার

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, সেখান থেকে শুরু হবে নির্বাচনি প্রচার

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৩:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ বছর পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই শুরু হবে নির্বাচনি প্রচার।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপির নির্বাচনি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের সিলেট সফরের বিস্তারিত জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির নেতারা সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির নির্বাচনি প্রচার শুরু করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট পৌঁছাবেন। গভীর রাতে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।

এরপর তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় ধারাবাহিক নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। আগামীকাল রাতেই তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।

বিএনপি জানিয়েছে, এই সফরসূচি সম্পর্কে সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে তারেক রহমান তাঁর সফরগুলোতে পর্যায়ক্রমে ত্যাগী নেতাদের সফরসঙ্গী করবেন। সিলেট সফরে তাঁর সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।

এছাড়া, নির্বাচনি প্রচারের শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং উন্মোচনের ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ দলের শীর্ষ নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলটি আশা করে, সব রাজনৈতিক দল নির্বাচনি আচরণবিধি মেনে সহনশীল ও শান্তিপূর্ণ পরিবেশে প্রচার চালাবে। সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও মন্তব্য করা হয়।

বিএনপির পক্ষ থেকে আরো জানানো হয়, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তারেক রহমান পূর্বনির্ধারিত কিছু ধর্মীয় ও ব্যক্তিগত সফর বাতিল করেছিলেন। এসব সফরকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় নির্বাচনকালীন পরিবেশ বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading