গ্রিনল্যান্ড দখলে অবিলম্বে আলোচনা চাই, শক্তি প্রয়োগ করব না: ট্রাম্প
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২২:৪৫
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে দেওয়া ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গ্রিনল্যান্ড দখলে নিতে অবিলম্বে আলোচনা চান। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে তিনি শক্তি প্রয়োগ করবেন না।
বুধবার দাভোসে বিশ্ব নেতাদের উপস্থিতিতে দেওয়া এই বিশেষ ভাষণে ট্রাম্প বলেন, “আমি আরও একবার গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে অবিলম্বে আলোচনা চাইছি। ঠক যেমনটি আমরা আমাদের ইতিহাসের বিভিন্ন সময়ে অন্যান্য ভূখণ্ড অধিগ্রহণের ক্ষেত্রে করেছি।”
আমেরিকার গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হলেও বুধবার তা প্রশমিত করার চেষ্টা নিয়ে ট্রাম্প বলেন, তিনি সামরিক শক্তি প্রয়োগ করতে চান না।
তিনি বলেন, “অতিরিক্ত শক্তি প্রয়োগের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা হয়ত কিছুই পাব না। আর শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলে আমাদেরকে স্পষ্টতই ঠেকানো যাবে না। কিন্তু আমি তা করব না। শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, আমি তা চাই না। আমি সেটি করবও না।”
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে ট্রাম্প ‘বড় ও সুন্দর এক টুকরো বরফ’ হিসেবে অভিহিত করেন। তবে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে এটি আমেরিকা মালিকানায় থাকা প্রয়োজন বলে তিনি দাবি করেন।
ইউডি/এবি

