লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি: গোলাম পরওয়ার
উত্তরদক্ষিণ। বুধবার (২১ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:৫৫
জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি এবং এ কারণে নির্বাচন নিয়ে শঙ্কা রয়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
খুলনা-৫ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী গোলাম পরওয়ার বলেন, আচরণবিধি মেনে কোনো প্রার্থী সীমিত পরিসরে জনসংযোগ করলেও তাৎক্ষণিকভাবে সতর্ক করা হচ্ছে, এমনকি অভিযোগের মুখে পড়তে হচ্ছে। অথচ অন্যদিকে শতশত মানুষ নিয়ে প্রকাশ্যে জনসংযোগ চালালেও সেগুলোতে কোনো মনিটরিং, শোকজ বা কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে স্পষ্ট হয় যে, লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার চলছে এবং বিষয়টি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে।
নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠুতা নিয়েও আশঙ্কার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন উৎস থেকে তারা তথ্য পাচ্ছেন যে, সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীরা নির্বাচিত হলে যাদের স্বার্থে আঘাত লাগবে, তারাই ভোট ছিনতাই, কেন্দ্র দখল, হামলা কিংবা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে পারে। এসব কারণেই তারা এখনো উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
ইউডি/এবি

