ঝুঁকিতে থাকা প্রার্থীদের জন্য বৈধ অস্ত্র চান নুর
উত্তরদক্ষিণ। বুধবার (২১ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:৪০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ইস্যুতে ঝুঁকিতে থাকা প্রার্থীদের জন্য সীমিত পরিসরে বৈধ অস্ত্র বহালের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থী নুরুল হক নুর।
বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় নুর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি মনে করেন, জাতীয় পর্যায়ের নেতৃত্বে থাকা প্রার্থীরা বিশেষ ঝুঁকিতে থাকেন। সে কারণে একেবারেই উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নিরাপত্তা বিবেচনায় বৈধ অস্ত্র রাখার সুযোগ থাকতে পারে। তবে অন্যদের অস্ত্র সাময়িকভাবে জমা নেয়া প্রয়োজন।
নুর আরও বলেন, এবারের নির্বাচন জনগণের কাছে অত্যন্ত প্রত্যাশিত। অতীতের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সংকুচিত ছিল, যা দেশকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে ঠেলে দিয়েছে। পরিবর্তিত বাস্তবতায় অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
জাতীয় নির্বাচন ও আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল সংসদ সদস্য নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নাগরিক অধিকার, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ লক্ষ্যেই নির্বাচনকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে দেখছেন তিনি।
ইউডি/এবি

