শেষ মুহূর্তে জামায়াত জোটে বড় চমক
উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:৩০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতিতে নিজেদের শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গ ছেড়ে এবার জামায়াত নেতৃত্বাধীন জোটে সামিল হচ্ছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি।
আজ শনিবার (২৪ জানুয়ারি) এই যোগদানের মধ্য দিয়ে জোটটি পুনরায় ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যে’ রূপ নিতে যাচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় আয়োজিত এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এই নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেন।তিনি বলেন, ‘জাতি আজ দুই ধারায় বিভক্ত।
একদিকে আমাদের এই নির্বাচনী ঐক্য। আগে এটি ১০ দলীয় জোট হিসেবে পরিচিতি পেলেও শনিবার আরও একটি দল যুক্ত হওয়ার মাধ্যমে আমরা ১১ দলীয় জোটে পরিণত হচ্ছি।’সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, বিএনপির দীর্ঘদিনের শরিক দল লেবার পার্টিই আজ আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দিচ্ছে।
উল্লেখ্য, শুরুতে ১১টি দল নিয়ে এই নির্বাচনী মোর্চা গঠনের প্রক্রিয়া শুরু হলেও আসন বণ্টন নিয়ে বনিবনা না হওয়ায় শেষ মুহূর্তে সরে দাঁড়ায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।ফলে জোটটি ১০ দলে সংকুচিত হয়ে পড়েছিল। এখন লেবার পার্টির অন্তর্ভুক্তিতে জোটটি আবার তার আদি সংখ্যায় ফিরছে।
বিএনপির যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের শরিক হওয়া সত্ত্বেও নির্বাচনে কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় এবং অভ্যন্তরীণ নানা অসন্তোষের কারণে সম্প্রতি বিএনপির সঙ্গ ত্যাগের ঘোষণা দিয়েছিল লেবার পার্টি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের সঙ্গে এই নতুন জোট গঠন ভোটের মাঠে লেবার পার্টির অবস্থানকে সংহত করার একটি কৌশল।
জামায়াত নেতৃত্বাধীন এই জোটে বর্তমানে রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), অমর বাংলাদেশ পার্টি (এবি পার্টি-সমর্থিত অংশ) ও বাংলাদেশ লেবার পার্টি (আজ যুক্ত হচ্ছে)।
ইউডি/এআর

