ফেনী যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন নোয়াখালীর নেতাকর্মীরা

ফেনী যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন নোয়াখালীর নেতাকর্মীরা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১১:৫৭

প্রায় দুই যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীতে তারেক রহমানকে বরণ করতে স্থানীয়রা শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন।

ফেনীসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে জনসভায় অংশগ্রহণের জন্য রওনা দিচ্ছেন।

সকাল থেকেই নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহন যোগে নেতাকর্মীরা ফেনীতে যাচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর আমাদের নেতা তারেক রহমান ফেনীতে আসছেন। এটি শুধু একটি জনসভা নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সমাবেশ আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে বলেন, আগামী ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দ্বীপ কলেজ মাঠে নির্বাচনী জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়ালি হাতিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা বিশ্বাস করি, এই জনসভা আন্দোলন-সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading