শৈলকুপায় ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১২:৩৭
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় মুফা মালিথা (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুফা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মুফা মালিথা বাইসাইকেল যোগে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুফা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
ইউডি/রেজা

