বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েও স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:৩৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে নাটকীয় এক পরিস্থিতির মুখোমুখি বিশ্ব ক্রিকেট। বাংলাদেশকে আসর থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসি-র সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। এমনকি এই সিদ্ধান্তের প্রতিবাদে টুর্নামেন্ট বর্জনের হুঁশিয়ারি দিলেও, এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি সভাপতি মহসিন নাকভি আইসিসির কড়া সমালোচনা করে জানিয়েছেন, বাংলাদেশের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘আইসিসি বোর্ড সভায় আমি স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। একটি দেশ যখন খুশি সিদ্ধান্ত নেবে আর অন্য দেশের ক্ষেত্রে উল্টোটা ঘটবে—এমন দ্বিমুখী নীতি চলতে পারে না।’
র
রবিবার (২৫ জানুয়ারি) পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, সাদা বলের কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আলি আগা সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন।
১৫ সদস্যের ওই দলে বড় চমক– হারিস রউফের বাদ পড়া। যদিও কয়েকদিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যমে তাকে বাদ দেওয়া হতে পারে গুঞ্জন চলছিল।
চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন ডানহাতি এই তারকা পেসার। তবে ফর্ম নিয়ে সমালোচিত বাবর আজম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলার জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন স্পিনার উসমান তারিক।
সালমান আগার দলে আছেন– ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা ও শাহিবজাদা ফারহানের মতো তরুণরা।
আর অভিজ্ঞদের মধ্যে আছেন– আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান।
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো যথারীতি হবে ইন্ডিয়ার বাইরে, শ্রীলঙ্কায়।
পাকিস্তানের বিশ্বকাপ দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
ইউডি/এআর

