অকারণে হর্ন বাজালেই ডিজিটাল জরিমানা

অকারণে হর্ন বাজালেই ডিজিটাল জরিমানা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৩৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানোর অভ্যাস ত্যাগ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শব্দদূষণ কমানোর দায়িত্ব কেবল সরকারের নয়, এটি আমাদের সবার নাগরিক দায়িত্ব।

রবিবার (২৫ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ‘ঘোষিত নীরব এলাকায়’ হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএসহ বেশ কয়েকটি সংস্থার সমন্বিত অভিযানের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রাথমিকভাবে বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকাকে হর্নমুক্ত ঘোষণা করে একটি উদাহরণ তৈরি করতে চায় সরকার।

তিনি বলেন, ‘কোনো অজুহাতেই হর্ন বাজানো যাবে না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ট্রাফিক পুলিশ যেভাবে অন্যান্য আইন লঙ্ঘনের দণ্ড আরোপ করে, হর্ন বাজানোর ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে হবে।’

শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’ প্রণয়ন করেছে উল্লেখ করে উপদেষ্টা জানান, ট্রাফিক পুলিশকে এই কাজে আরও সক্রিয় করা হয়েছে।

এছাড়া একদল তরুণকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক পুলিশের সহায়তায় যুক্ত করা হয়েছে, যারা রাজপথে শব্দদূষণ রোধে ভলান্টিয়ার হিসেবে কাজ করবে।সমাবেশে উচ্চশব্দের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘উচ্চশব্দের কারণে ঢাকা শহরের প্রায় ৬৫ শতাংশ গাড়িচালক কানে কম শোনেন।

এটি শিশুদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ও ক্ষতিকর। জাতি হিসেবে আমাদের এই ধ্বংসাত্মক অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।’জনগণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের স্বপ্রণোদিত হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি।

পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ এসময় বলেন, নতুন বিধিমালা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিএনসিসি-র প্রশাসক মোহাম্মদ এজাজ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে বিমানবন্দর এলাকায় হর্নবিরোধী প্রচারপত্র বিতরণ ও স্টিকার লাগানো হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading