ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি: জেলা প্রশাসন
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৪০
বাগেরহাট কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় ‘প্যারোলে মুক্তি’ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ বিভ্রান্তিকর বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসন।
র
রবিবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের পাঠানো এক ব্যাখ্যায় জানানো হয়, উক্ত ঘটনায় বন্দির পরিবারের পক্ষ থেকে যশোরের জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি।
জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সংবাদমাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা গেছে— সময় স্বল্পতার কারণে তারা প্যারোলে মুক্তির আবেদন না করে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জেলগেটে লাশ দেখানোর পথ বেছে নেন।
ব্যাখ্যায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে সব পোস্টে বন্দির স্ত্রীর নামে লেখা চিঠি ও কারাগারে বন্দি অবস্থায় ছবি প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে যশোর কেন্দ্রীয় কারাগারের কোনো সংশ্লিষ্টতা নেই।
পাশাপাশি ‘আবেদনের পরেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি’— এ ধরনের তথ্যও সম্পূর্ণ মিথ্যা, কারণ এ বিষয়ে কোনো আবেদনই দাখিল করা হয়নি।
জেলা প্রশাসন জানায়, পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে এবং মানবিক দিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা নেয়।
বিষয়টি সঠিকভাবে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যতে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
ইউডি/এআর

