ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নূরী আল-মালিকিকে সমর্থন দিলো সংখ্যাগরিষ্ঠ জোট
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৫৭
ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। গত শনিবার (২৪ জানুয়ারি) জোটের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর এএফপির।
ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা শিয়া দলগুলোর জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জানিয়েছে, তারা সর্বসম্মতিক্রমে নূরী আল-মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দিয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাকে জোটের পক্ষ থেকে ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মালিকির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতার কারণে তাকে এই পদে উপযুক্ত মনে করা হয়েছে।
৭৫ বছর বয়সি নূরী আল-মালিকি ইরাকের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী নেতা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর তিনি একমাত্র ব্যক্তি, যিনি টানা দুই মেয়াদে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন।
ইরাকের রাজনৈতিক সমঝোতা অনুযায়ী, দেশটিতে প্রধানমন্ত্রী সাধারণত শিয়া মুসলিমদের মধ্য থেকেই নির্বাচিত হন। পার্লামেন্ট স্পিকারের পদটি সুন্নি মুসলিমদের জন্য এবং রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদটি কুর্দিদের জন্য নির্ধারিত থাকে।
গত নভেম্বরের সাধারণ নির্বাচনের পর মালিকির দলসহ শিয়া দলগুলো নিয়ে ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জোট গঠিত হয়। এরপর থেকেই তারা সুন্নি ও কুর্দি দলগুলোর সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।
গত মাসে নতুন পার্লামেন্ট স্পিকার নির্বাচন করা হয়েছে। শিগগিরই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদ অধিবেশন বসবে। নির্বাচিত প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলে নূরী আল-মালিকিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
তবে মালিকির বিরুদ্ধে দুর্নীতি, সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়া এবং আইএস (ইসলামিক স্টেট) মোকাবিলায় ব্যর্থতার মতো নানা বিতর্কও রয়েছে।
ইউডি/রেজা

