মালদ্বীপকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৪০

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথম নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছে বাংলাদেশ। ব্যাংককের মাটিতে অনুষ্ঠিত আসরের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা নিজেদের করে নিয়েছে সাবিনা খাতুনের দল।

সাতটি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে থেকে মিশন শেষ করল বাংলাদেশ।

আজ সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই মালদ্বীপের ওপর চড়াও হয় কৃষ্ণা-সাবিনারা। প্রথমার্ধে ৬-১ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল যোগ করে তারা। আসরের একক ম্যাচে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড।

দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ একাই চার গোল করেছেন। পুরো টুর্নামেন্টে মোট ১৩ গোল করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টানা দুইবার সাফ ফুটবল জেতার পর এবার ফুটসাল শিরোপা জিতে নিজের অধিনায়কত্বে নতুন এক উচ্চতা স্পর্শ করলেন সাবিনা।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। পুরো টুর্নামেন্টে ৩৮টি গোল করার বিপরীতে মাত্র ৯টি গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে।

সফলতার দিক বিবেচনায় ভারতকে হারিয়ে যাত্রা শুরু, ভুটানের সঙ্গে ড্র এবং শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের বড় সাফল্য।

পুরুষ ফুটবলে যখন সাফল্যের খরা চলছে, তখন নারী ফুটসাল দলের এই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার খবর দেশের ক্রীড়াঙ্গনে বইয়ে দিচ্ছে আনন্দের হাওয়া। রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির দুর্দান্ত সেভগুলো শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading