আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ
উত্তরদক্ষিণ। রবিবার (২৫ জানুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৪০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ নৌকা নাই আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। আওয়ামী লীগ ও নৌকা এই দুইটাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি। বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের অপর নাম বিএনপি।’
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা ভারতের গোলামী করেছে, যারা মেইড-ইন ইন্ডিয়া তারা ভারতে রফতানি হয়ে গেছে। বাকশালীরা এদেশের মানুষের ওপরে অত্যাচার দুঃশাসন চালিয়েছে তারা আজ বিলুপ্ত হয়ে গিয়েছে। যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের মালিক হতে চান তাহলে ধানের শীষে ভোট দিন।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে, আমাদের নীতি আছে, আমরা কি করবো আমরা তা জনগণের কাছে পরিস্কার করে বলেছি অথচ আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের কোনো পরিকল্পনা নাই। কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।’
ইউডি/এবি

