বিলুপ্ত ভাবা উদ্ভিদের সন্ধান মিলল ৬০ বছর পর!

বিলুপ্ত ভাবা উদ্ভিদের সন্ধান মিলল ৬০ বছর পর!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৯:২০

প্রায় ৬০ বছর ধরে যেটিকে প্রকৃতিতে বিলুপ্ত বলে ধরা হচ্ছিল, সেই উদ্ভিদ আবার খুঁজে পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম কুইন্সল্যান্ডের একটি দুর্গম এলাকায় হঠাৎ করেই এই বিরল গাছের সন্ধান মিলেছে। এতে বিজ্ঞানীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

উদ্ভিদটির নাম প্টিলোটাস সেনারিয়াস (Ptilotus senarius)। ছোট আকারের এই ঝোপজাতীয় গাছটি সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৬৭ সালে। এরপর দীর্ঘ সময় কোনো তথ্য না থাকায় বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন, এটি প্রকৃতি থেকে হারিয়ে গেছে।

২০২৫ সালের জুন মাসে এই উদ্ভিদের নতুন সন্ধান মেলে। কুইন্সল্যান্ডের গিলবার্ট নদী এলাকায় একটি ব্যক্তিমালিকানাধীন জমিতে কাজ করার সময় উদ্যানবিদ ও পাখি পর্যবেক্ষক অ্যারন বিন একটি অচেনা গাছ দেখতে পান। তিনি গাছটির ছবি তুলে আইন্যাচারালিস্ট নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করেন।

ছবি দেখার পর বিশেষজ্ঞদের নজরে আসে বিষয়টি। পরে ওই স্থান থেকে গাছটির একটি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়, এটি সত্যিই প্টিলোটাস সেনারিয়াস। এর মাধ্যমে প্রমাণ হয়, গাছটি গত ৬০ বছর ধরে নীরবে টিকে ছিল।

গবেষকেরা বলছেন, এই ঘটনা দেখিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইন্যাচারালিস্টের মতো অ্যাপে সাধারণ মানুষ ছবি দিলে, বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেন।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ থমাস মেসাজলিও বলেন, এই আবিষ্কারের ফলে এখন লক্ষ্যভিত্তিক জরিপ ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে জানা যাবে, উদ্ভিদটি কোথায় এবং কীভাবে বিস্তার লাভ করছে।

বিজ্ঞানীরা জানান, ২০২৫ সালের জুলাই পর্যন্ত আইন্যাচারালিস্টে বিশ্বের বিভিন্ন দেশের ১০ কোটির বেশি উদ্ভিদের যাচাইকৃত ছবি সংরক্ষিত ছিল। দুর্গম ও ব্যক্তিমালিকানাধীন এলাকায় গবেষকদের প্রবেশ কঠিন হলেও এই অ্যাপ সেই বাধা দূর করছে।

এখনো এই গাছের মোট সংখ্যা বা ভবিষ্যৎ অবস্থা জানা যায়নি। তবে বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে—যেসব প্রজাতিকে বিলুপ্ত মনে করা হয়, সেগুলোর কিছু হয়তো আজও নিভৃতে টিকে আছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading