ঢাকাসহ চার জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:১০
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা দিতে আগামীকাল (২৯ জানুয়ারি) বৃহস্পতিবার থেকেই রাজধানী ঢাকাসহ আশপাশের চারটি জেলায় মাঠ পর্যায়ে মোতায়েন হচ্ছেন বিজিবির সদস্যরা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবির ৫ ব্যাটালিয়ন তাদের আওতাধীন চারটি জেলার বিভিন্ন সংসদীয় আসনে মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করবে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।নির্বাচনী ডিউটিতে বিজিবি এবার চিরাচরিত সরঞ্জামের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নেবে।
রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড এবং শক্তিশালী চেকপোস্টের মাধ্যমে তল্লাশি চালানো হবেযেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম (র্যাট) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
প্রয়োজনে বিজিবির হেলিকপ্টারও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।সেইসঙ্গে স্বচ্ছতা ও নিরাপত্তার স্বার্থে বিজিবি সদস্যরা এবার বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস এবং এপিসি (APC) ব্যবহার করবেন।অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান স্পষ্ট করে জানান, এবার ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের ক্ষেত্রে বিজিবির ওপর কোনো বিধিনিষেধ নেই।
তিনি বলেন, ‘যদি প্রিজাইডিং অফিসার সহায়তা চান কিংবা কেন্দ্রে কোনো সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দেয়, তবে বিজিবি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’
সমগ্র নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য ব্যাটালিয়ন সদরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা পরিস্থিতির ওপর নজর রাখবে।
বিজিবির এই কঠোর অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
ইউডি/এআর

