বিগত নির্বাচনে শুধু কেঁদেছি, এবার কাজের সুযোগ চাই: মির্জা ফখরুল

বিগত নির্বাচনে শুধু কেঁদেছি, এবার কাজের সুযোগ চাই: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৫৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীতের স্মৃতিচারণ করে বলেন, ২০০১ সালের নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকা দিয়ে মালা বানিয়ে আমাকে দিয়েছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি ভুলিনি। আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। এবার একটি সুযোগ তৈরি হয়েছে—এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের পরিচিত মানুষ। ১৯৮৬ সাল থেকে আপনারা আমাকে চেনেন। তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আজ পর্যন্ত কেউ আঙুল তুলে বলতে পারবে না যে, আমি আপনাদের আমানতের খেয়ানত করেছি।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, আমি রাজনীতি করেছি বাপ-দাদার জমি বিক্রি করে। ঢাকায় যে গাড়ি ব্যবহার করি, সেটি ২০ বছর আগের। আজ যে গাড়িতে এসেছি, সেটিও আমার নয়—একজন সমর্থকের।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে। আমাকে ধানের শীষে ভোট দিলে আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারব। আমি কাজ করা মানুষ।

তিনি আরও বলেন, আমরা ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না, আমরা কাজ করে বাঁচতে চাই। ঠাকুরগাঁওয়ে অনেক উন্নয়ন করতে হবে। আমাদের মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading