সাংবাদিক কার্ডের সমস্যা সমাধানে রবিবার পর্যন্ত ইসিকে আল্টিমেটাম

সাংবাদিক কার্ডের সমস্যা সমাধানে রবিবার পর্যন্ত ইসিকে আল্টিমেটাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৩৫

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন সাংবাদিক নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) চালু করা অনলাইন কার্ড ও গাড়ির স্টিকার আবেদনের পদ্ধতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম ভোগান্তি। এই জটিলতা আগামী রবিবারের মধ্যে সমাধান না হলে নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা জানান।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, “দীর্ঘদিন ধরে সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে একাধিকবার আলোচনা সত্ত্বেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”

তিনি বলেন, “সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে কার্ড ও গাড়ির স্টিকার আবেদনের জন্য নতুন একটি অ্যাপ চালু করেছে। অ্যাপটি মোটেও ইউজার ফ্রেন্ডলি নয়। বর্তমানে এতে নানা সমস্যা দেখা দিচ্ছে, যা ভবিষ্যতে আরো জটিলতা সৃষ্টি করবে।”

কাজী জেবেল আরও বলেন, “সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—আগামী রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে সাংবাদিক নেতারা বৈঠকে বসে নির্বাচনসংক্রান্ত সংবাদ সংগ্রহ ও সম্প্রচার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, “নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য যে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হয়, সেটির ক্ষেত্রে এবার হঠাৎ করে নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে পরিষ্কারভাবে জানিয়েছি—এই পদ্ধতিটি মোটেও ব্যবহারযোগ্য নয়।”

তিনি বলেন, “স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেওয়া বাস্তবসম্মত নয়। তাই আগের মতো সহজ ও কার্যকর পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।”

শহিদুল ইসলাম আরও জানান, নির্বাচন কমিশন স্বীকার করেছে যে নতুন নীতিমালার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে—আগামী রবিবারের মধ্যেই, সম্ভব হলে তার আগেই, এই জটিলতাগুলোর সমাধান করা হবে। অন্যথায় সাংবাদিক সংগঠনগুলো আবার বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading