ক্ষমতার দলীয়করণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে: আসিফ মাহমুদ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:৫০
দীর্ঘদিন ধরে ক্ষমতার দলীয়করণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণার সময় এমন মন্তব্য করেন তিনি।
আসিফ বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার দলীয়করণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। আমাদের সেকেন্ড রিপাবলিকের দাবি কোনো স্লোগান নয়, এটি একটি জবাবদিহিতামূলক ও উন্নয়নমূলক রাষ্ট্রের অঙ্গীকার।
আধুনিক রাষ্ট্র গড়তে এনসিপি ইশতেহার ঘোষণা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বাস্তবসম্মত ইশতেহার দিতে চাই। আমরা সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এই ইশতেহার প্রস্তুত করেছি।
তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ৩৬ দফার সমন্বয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
ইশতেহারে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা, অর্থনৈতিক মুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন এবং প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণসহ জাতীয় নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
ইউডি/এআর

