ববি হাজ্জাজের সমর্থনে ৩১ নং ওয়ার্ড যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ববি হাজ্জাজের সমর্থনে ৩১ নং ওয়ার্ড যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:০২

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা-১৩ সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩১ নং ওয়ার্ড যুবদল।

এদিন মোহাম্মদপুরের ৩১ নং ওয়ার্ড এলাকার প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে ধানের শীষের সপক্ষে মিছিল বের করা হয়। ওয়ার্ড যুবদল ও বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ববি হাজ্জাজের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তারা।

অনুষ্ঠানটি আয়োজন করেন ৩১ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সদস্য সচিব মো. নাসির উদ্দিন বিশ্বাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন।

গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে মো. নাসির উদ্দিন বিশ্বাস বলেন, “ববি হাজ্জাজ নির্বাচিত হলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরকে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করা হবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। থানা ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযানের মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ইউটিলিটি সার্ভিসে ভোগান্তি কমাতে তিতাস ও ওয়াসার সাথে নিয়মিত সমন্বয়, সমস্যা-ভিত্তিক সার্ভিস ম্যাপ ও জরুরি হটলাইনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মাসিক ‘ওপেন টাউনহল’ মিটিংয়ের মাধ্যমে জনগণের সমস্যার সরাসরি সমাধান খোঁজা হবে। রাস্তা, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর করার অঙ্গীকার করেন তিনি।

পরিবেশ রক্ষায় ববি হাজ্জাজের পরিকল্পনার কথা জানিয়ে নাসির উদ্দিন বিশ্বাস বলেন, সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করে মোহাম্মদপুরের খাল ও লেকগুলোকে দখলমুক্ত করা হবে। এছাড়াও শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ হোস্টেল এবং নারীবান্ধব পরিবহনের উদ্যোগ নেওয়া হবে। তরুণ প্রজন্মের জন্য ওয়ার্ডভিত্তিক স্কিল ট্রেনিং, ক্যারিয়ার কাউন্সিলিং এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য ‘এডুকেশন ফান্ড’ চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

বিহারি ক্যাম্পবাসীদের বিষয়ে তিনি বলেন, তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে বাসস্থান উন্নয়ন, স্যানিটেশন এবং শিশুদের শিক্ষা নিশ্চিত করা হবে। মাদক ও অপরাধমুক্ত ক্যাম্প গড়তে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো প্রকার চাঁদাবাজি বা লাইসেন্স হয়রানি বরদাশত করা হবে না।

ব্যবসায়িক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে যুবদল নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তারা বিশ্বাস করেন, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত হবে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেন, ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আহসান উল্লাহ শহিদ, প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবর শেখ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ পলাশ।

আরও উপস্থিত ছিলেন ৩১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক নেয়ামুল হক রনি, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর, সদস্য ইব্রাহিম শরীফ নাঈম, চৌকিদার সাগর, নূরনবী শাওন, মোঃ মোস্তফা ও মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও মোহাম্মদপুর থানা আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি মোঃ আইয়ুব মজুমদার এবং সাধারণ সম্পাদক মোঃ মিল্লাত হোসেনসহ ৩১ নং ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading