পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ
উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:১০
রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজে আয়োজিত পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার।
ঢাকা বিভাগের কমিশনার ও ঢাকা-৮ আসনের রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির’ দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মো. শামসুল হককে একটি চিঠি পাঠান।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৭ জানুয়ারি হাবীবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
ওই অনুষ্ঠানে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্বাচনকালীন সময়ে এ ধরনের আয়োজন ও বিশৃঙ্খলা ‘নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫’-এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।
এর আগে এ ঘটনার বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। রমনা থানার ওসি ৩০ জানুয়ারি এবং কলেজের অধ্যক্ষ ২৯ জানুয়ারি তাদের নিজ নিজ ব্যাখ্যা ও প্রতিবেদন জমা দেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ওসি ও কলেজ অধ্যক্ষের দেওয়া ব্যাখ্যাগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
তদন্তের সুবিধার্থে সংশ্লিষ্ট সাত পৃষ্ঠার নথিপত্রও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যাশুক্রবার (৩০ জানুয়ারি) হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, কলেজে সারা বছর অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের উদ্যোগে এবং গভর্নিং বডির সম্মতিক্রমে মঙ্গলবার (২৭ জানুয়ারি) শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল।
এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও কলেজের অভ্যন্তরীণ আয়োজন ছিল।কলেজ কর্তৃপক্ষের দাবি, পিঠা উৎসবে কলেজের বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
বিশেষ করে ঢাকা-৮ আসনের কোনো নির্বাচনী প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে কোনো সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণাও ছিল না। কোনো সভাপতি বা প্রধান অতিথি নির্ধারিত ছিল না এবং আনুষ্ঠানিক বক্তব্যের সূচিও ছিল না।
অতিথি হিসেবে কেবল গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।তারা আরও জানায়, অন্যান্য নিয়মিত সহশিক্ষামূলক কার্যক্রমের মতো গভর্নিং বডির চেয়ারম্যানের অনুমতিতেই শিক্ষার্থীরা এ আয়োজন করেছিল।
ঘটনার পর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি পিঠা উৎসব চলাকালে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় এনসিপি প্রার্থী পাটওয়ারী হেনস্তার শিকার হন এবং তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। পরে এনসিপি অভিযোগ করে, বিএনপি প্রার্থীর নির্দেশে তার সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। তবে মির্জা আব্বাস এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ইউডি/এআর

