বিশ্বকাপের আগে মিলারকে নিয়ে শঙ্কা কাটল
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলার খেলার অনিশ্চয়তা কাটিয়ে দলেই ফিরেছেন। সম্প্রতি কুঁচকিতে চোট পাওয়ায় তার খেলা সন্দেহের মুখে ছিল। তবে চিকিৎসকরা মিলারের খেলার অনুমতি দিয়েছেন।
মিলার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। চোটের কারণে তিনি পার্ল রয়্যালসের প্লে-অফের শেষ দুই ম্যাচে অংশ নিতে পারেননি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রাম নিয়েছিলেন।
৩৬ বছর বয়সী মিলার এবার নিজের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন। দেশের হয়ে ১৩৩টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২,৬৩০ রান। স্ট্রাইক রেট ১৪০.৫৬, সঙ্গে দুটি সেঞ্চুরি ও আটটি ফিফটি রয়েছে তার ক্যারিয়ারে।
চোটের কারণে টনি ডি জর্জি ও ডনোভান ফেরেইরা বিশ্বকাপ দলে থাকতে পারছেন না। তাদের জায়গায় দলে জায়গা পেয়েছেন রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকা দল রবিবার জোহানেসবার্গ থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং বুধবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপ অভিযান শুরু হবে ৯ ফেব্রুয়ারি, যেখানে দক্ষিণ আফ্রিকা কানাডার বিপক্ষে খেলবে। ‘ডি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ হলো আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত।
ইউডি/কেএস

