সাতক্ষীরায় ভ্যান-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:১০
সাতক্ষীরার তালায় ইঞ্জিন ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মীর মাহফুজুর রহমান (মুন্না) নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জাতপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না তালা সদরের মীর মুজিবুর রহমান ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুন্না একটি কোম্পানির ইঞ্জিন ভ্যানে করে মালামাল সরবরাহের কাজ করতেন। রাতে তিনি কোম্পানির মালামাল দিতে আঠারোমাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর বাজার সংলগ্ন সড়কের পাশে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মুন্না গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউডি/রেজা

