অপরাজিত থেকেই বিশ্বকাপে বাংলাদেশ
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫০
নাহিদা আক্তারের ঘূর্ণি আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
রবিবার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে লাল-সবুজের দল।
এই জয়ের ফলে টানা সাত ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত শিরোপাধারী হিসেবে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জ্যোতিরা।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। তবে নাহিদা আক্তারের বোলিং তোপে শুরুতেই ব্যাকফুটে চলে যায় তারা।
মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে ডাচরা যখন চরম সংকটে, তখন রবিন রাইক ও সানিয়া খুরানা রুখে দাঁড়ান।তাদের ৭৮ রানের জুটিতে ভর করে কোনোমতে ১০০ রানের কোটা পার করে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ১০২ রান সংগ্রহ করে তারা।
বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ।
তবে তৃতীয় উইকেটে শারমিন সুলতানা সুপ্তাকে (১৫) নিয়ে বিপর্যয় সামাল দেন নিগার সুলতানা জ্যোতি।সুপ্তা বিদায় নিলে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক।
জ্যোতি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম অর্ধশতক তুলে নিয়ে ৫০ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে ৩৩ রান করে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি। বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০ বল হাতে রেখেই।
পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন সোবহানা মোস্তারি। ৭ ম্যাচে ১৪৫.৫৫ স্ট্রাইক রেটে ২৬২ রান করে তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন। শিরোপার আত্মবিশ্বাস নিয়ে এবার ইংল্যান্ডের বিমানে ওঠার প্রস্তুতি নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ইউডি/এআর

