দুদকে সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:২০
ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
র
রবিবার (১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে বিকেল পৌনে ৪টায় তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে এনে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম।
এর আগে দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়ানাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।
জানা গেছে, ঢাকা-১ এর মামলা নম্বর-০৩ (তারিখ: ০৩-১১-২০২৫) এর আওতায় সালমান এফ রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(৩), ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
দুদকের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার মাধ্যমে স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড নামের একটি নবসৃষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে Export Development Fund (EDF) সুবিধাসহ বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালকদের পূর্বে কোনো ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন ছিলেন না বলে জানিয়েছে দুদক।
ইউডি/এআর

