বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৪০
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে। বিটিভির কাছে মানুষের প্রত্যাশা অনেক।
তিনি বলেন, জনপ্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির সকল কর্মসূচির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। কাজটি আমরা এখনো করতে পারিনি।
রবিবার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে সকল রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। কোন ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য এর আধুনিকায়ন দরকার। মানুষের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে অনুষ্ঠান ও সংবাদ পরিবশনায় আরো সৃজনশীল হতে হবে। চ্যানেলের গতিশীলতা বাড়াতে চাহিদার প্রেক্ষিতে শূন্য পদগুলো পূরণের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উপদেষ্টা বলেন, বিটিভি শুধু একটি টিভি চ্যানেল না, এটি অনেক ইতিহাসের সাক্ষী; ঐতিহ্যের ধারক-বাহক। বিটিভি আমাদের সম্পদ। এটাকে নতুন করে গড়ে তুলতে হবে।
ইউডি/এআর

