পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোট শুরু

পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোট শুরু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৩৯

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন কারাবন্দিরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত কারাবন্দিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন।

ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, “আজ থেকে কারাবন্দিদের পোস্টাল ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা(কারাবন্দি) ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

এদিকে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading