নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ নির্বাচন স্থগিত

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ নির্বাচন স্থগিত

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:১৫

শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সেই আসনের নির্বাচন বাতিল করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই পরিস্থিতিতে আইন অনুযায়ী নতুন করে তফসিল দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সচিব এটিও পরিষ্কার করেছেন যে যারা আগের বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের কোনো প্রয়োজন হবে না।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনে এখন নির্বাচন কমিশন নতুন তফসিল দেবে।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণার বিধান রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading