প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত মঞ্চ

প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত মঞ্চ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:৪০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

দলীয় প্রধানের প্রথমবারের মতো ফরিদপুরে আগমনে উচ্ছ্বাসিত রয়েছেন নেতাকর্মীরা।

বরিশালের সমাবেশ শেষে দুপুর পৌনে দুইটায় হেলিকপ্টার যোগে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়ি যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন।

এ সভায় বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুরের নেতাকর্মীরা যোগ দেবেন। এতে দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, দলীয় প্রধানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সর্বকালের ইতিহাসের সবচেয়ে বেশি জনসমাগম হবে এই জনসমাবেশে।

জনসভা ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, র‍্যাব, বিজিবি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন। এছাড়া সিএসএফ বাহিনী নিজস্ব নিরাপত্তা বলয়ে থাকবে সমাবেশস্থল। এছাড়া আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীও রয়েছে।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন নেতাকর্মীরা। ফরিদপুর বিভাগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন বাস্তবায়ন অন্যতম দাবি তাদের।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরছ আলী ইছা বলেন, বিগত দিনে ফরিদপুরে উন্নয়নের কথা বলে ফাঁকা বুলি ছড়ানো হয়েছে। তাই তারেক রহমানের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। তার কাছে আমাদের ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবি রয়েছে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পাঞ্চল করার প্রত্যাশা রয়েছে। এসব বিষয়গুলি আমরা জনসভায় উপস্থাপন করব।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি নির্বাচনকে কেন্দ্র করে এ জনসভায় বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ অংশগ্রহণ করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পাশপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading