কলকাতায় তুর্কি বিমানের জরুরি অবতরণ

কলকাতায় তুর্কি বিমানের জরুরি অবতরণ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৪০

কাঠমান্ডু থেকে ইস্তাম্বুলগামী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (৪ ফেব্রুয়ারি) কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিমানটির পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিমানের ডান দিকের ইঞ্জিনে সম্ভাব্য আগুন লাগার বিষয়ে অবহিত করার পর, ‘তুর্কিশ ৭২৭’ ফ্লাইটটি দুপুর ২টা ৪৯ মিনিটের দিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (এনএসসিবিআই) অবতরণ করে।

এনএসসিবিআই বিমানবন্দরের পরিচালকের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ২৩৬ জন যাত্রী থাকা বিমানটি বর্তমানে কলকাতা বিমানবন্দরে রয়েছে এবং সেটির পরীক্ষা-নিরীক্ষা চলছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানায়, উড্ডয়নের পরপরই বিমানটির ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এই ঘটনার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও জরুরি পরিস্থিতি তৈরি হয়।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার তেকনাথ সিতাউলা এএনআইকে বলেন, ‘উড্ডয়নের চার মিনিটের মধ্যেই বিমানটিতে আগুন লাগে, এটির ডান ইঞ্জিনে আগুন ধরে যায়। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে উড্ডয়ন করে।’

তিনি জানান, ইঞ্জিনে আগুন লাগার পর পাইলট বিমানটিকে কাঠমান্ডুর পশ্চিম দিকে ঘুরিয়ে নেন এবং ডান দিকের ইঞ্জিন বন্ধ করে দেন।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএন) উপ-মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল দ্য কাঠমান্ডু পোস্টকে বলেন, ‘পাইলট কাঠমান্ডু টাওয়ারকে বিষয়টি জানান এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য ধাডিং জেলার ধাড়কে এলাকায় কিছু সময় এক ইঞ্জিনে উড়তে থাকেন।’

পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়েছে যে, দীর্ঘপথের ফ্লাইটের জন্য বিমানটি নিরাপদ নয়। কাঠমান্ডু অথবা ভৈরহাওয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকলেও পাইলটরা কোনো ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নেন এবং ফ্লাইটটি কলকাতায় ঘুরিয়ে দেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading