মানুষের ভাগ্যের পরিবর্তনে ধানের শীষকে জয়ী করুন: তারেক রহমান
উত্তরদক্ষিণ। রবিবার (০৮ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৫০
মানুষের ভাগ্য পরিবর্তনে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে। তবে এই নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। আমরা জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই, যা আমরা বাস্তবায়ন করতে পারব। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার পরদিন থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করব।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ঢাকা-১৭ আসনসহ আরও ছয়টি জনসভায় ভোটারদের উদ্দেশে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এসব জনসভায় প্রতিটি আসনের বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের পক্ষে ভোট চান।
আজ জনসভার শুরুতেই মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় এলাকার জনগণের উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে পুরো দেশের শহর ছাড়াও এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যে শহরে মা-বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়ে হাঁটতে পারবেন, যে শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি করতে পারবেন।
ঢাকা-১৭ আসনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এই এলাকায় খেলার মাঠ নেই। বিএনপি সরকার গঠন করলে শুধু এই এলাকায় নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে।
ইউডি/এবি

