সরকার গঠন করলে প্রথম দিন ফজর নামাজ পড়েই কাজ শুরু করবো: জামায়াত আমির
উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:৪০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিটিভি ও বেতারে দেওয়া বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার দলের ভিশন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। তিনি ঘোষণা করেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রথম দিন ফজর নামাজ পড়েই তার দল দেশের কল্যাণে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমীরে জামায়াত দেশবাসীকে ৫টি বিষয়ে ‘হ্যাঁ’ এবং ৫টি বিষয়ে ‘না’ বলার আহ্বান জানান। তিনি বলেন, “সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে আমরা ‘হ্যাঁ’ বলছি। অন্যদিকে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে আমরা স্পষ্ট করে ‘না’ বলছি।” তিনি আরও যোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমেই দেশে অপশাসনের পথ চিরতরে বন্ধ হবে।
নারীদের মর্যাদা ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন। করপোরেট জগত থেকে রাজনীতি, সবখানে মেধার মূল্যায়ন হবে।” পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তিনি বলেন, “এই বাংলাদেশ সবার, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।”
রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে আমীরে জামায়াত বলেন, “রাষ্ট্রের বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানের সংস্কার এখন সময়ের দাবি। সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হচ্ছে। এই গণভোটে আমরা ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানাই।”
ইউডি/এআর

