দেশে আগুনে এক বছরে প্রাণহানি ৮৫, সম্পদ পুড়েছে ৫৭০ কোটি টাকার: ফায়ার সার্ভিস
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১ :৩০
দেশে ২০২৫ সালে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডে ৮৫ জন প্রাণ হারিয়েছেন। এসব অগ্নিকাণ্ডে প্রায় ৫৭০ কোটি টাকার সম্পদ পুড়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, সারা দেশে ২০২৫ সালে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড ঘটেছে, দিনে গড়ে ৭৫টি আগুন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৬৭ জন, আর প্রাণ হারিয়েছেন ৮৫ জন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ কর্মী নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বার্ষিক পরিসংখ্যান বলছে, এক বছরে প্রায় ৫৭০ কোটি টাকার সম্পদ পুড়েছে। তবে তৎপরতায় রক্ষা করা গেছে ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের প্রধান কারণ বৈদ্যুতিক গোলযোগ—৯ হাজার ৩৯২টি। এর পরেই রয়েছে বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪ হাজার ২৬৯টি এবং চুলা থেকে ২ হাজার ৯০৯টি আগুন। গ্যাস সিলিন্ডার ও সরবরাহ লাইনের লিকেজ মিলিয়ে ঘটেছে ১ হাজার ৪৮২টি ঘটনা। এছাড়া ছোটদের আগুন নিয়ে খেলা, উত্তপ্ত ছাই, কয়েল, আতশবাজি—সব মিলিয়ে ঝুঁকির তালিকা দীর্ঘ।
পরিসংখ্যান বলছে, আগুন শুধু সম্পদই নয়, প্রাণও কাড়ছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অসতর্কতা—ঝুঁকি ঘরে ঘরেই। তবু ফায়ার সার্ভিসের দাবি, প্রতিরোধ ও সচেতনতা বাড়লে অগ্নিকাণ্ডের এই গ্রাফ নামানো সম্ভব।
ইউডি/এআর

