নির্বাচন ঘিরে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার

নির্বাচন ঘিরে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৫৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে মঙ্গলবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে ব্যাগ ও যানবাহন।

পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যেন অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক কোনো সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলও বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আজ দুপুরে শাহবাগে তল্লাশী চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে শাহবাগ থানা পুলিশ। প্রথমে পুলিশ গাড়ি থামানোর সংকেত দিচ্ছে। থামার পর গাড়ি চালক বা মোটরসাইকেল চালককে হাত উপরে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর তার শরীর তল্লাশি করা হয়। কারও কাছে ব্যাগ থাকলে পুলিশ তাকে সেটি খুলে ভেতরে কোনো নাশকতামূলক বস্তু আছে কি না, তা দেখছে।

তল্লাশিস্থলে উপস্থিত শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান  বলেন, তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ বিভিন্ন সড়কে তল্লাশি চালান। এ সময় কারও কাছে নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading