ভোট সুষ্ঠু হলে অবশ্যই ফল মেনে নেব: তারেক রহমান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫০
নির্বাচনে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, আমরা চাই কমবেশি সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে অবশ্যই আমরা ফলাফল মেনে নেবো। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।
নির্বাচনের খবর জানতে চাইলে তিনি বলেন, ‘সারা দেশের খবর এখনো পাইনি। পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এ সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। এখন অফিসে এসেছি সব বিষয়ে খবর নেব।’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মোবাইলের মাধ্যমে গণমাধ্যমের সাহায্যে দেখেছি বিভিন্ন জায়গায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটা রাজনৈতিক দল কিছু ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা এটা চাই না। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা জন্মাবে। তবে ঘটনাগুলো ভালো না। তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘দেশের মালিক হচ্ছে মানুষ। তারা যদি বেরিয়ে এসে ভোটের অধিকার প্রয়োগ করলে ভোটের সংখ্যা বাড়বে। আমরা বিশ্বাস করি এরমাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে।’
ফলাফল ঘোষণায় দেরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ যেহেতু ভোট দিয়েছেন, তারা ফল দ্রুতই চাইবেন। আমরা আশা করবো নির্বাচন কমিশন চেষ্টা করবে, যাতে দেশের মানুষ দ্রুত তার দেয়া ভোটের ফল পায়।’
নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে ফল প্রকাশ হবে বলেও প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান।
ভোটের যেকোনো ফলাফল মেনে নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিতর্কহীন হয় তাহলে কেন মেনে নেব না, অবশ্যই মেনে নেব। শর্ত হলো নির্বাচন নিরপেক্ষ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, তা কেউ মেনে নেবে না।’
ইউডি/রেজা

