পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মমুখী মানুষের উপচে পড়া ভিড়

পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মমুখী মানুষের উপচে পড়া ভিড়

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১২:৩৭

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ভোট শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঘাটগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ প্রতীক্ষিত ভোট প্রদান শেষে ভোটাররা এখন কর্মস্থলে ফিরছেন। ঘাটে যাত্রীদের চাপ থাকলেও দীর্ঘ ভোগান্তি বা যানজট নেই। তবে লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে নদী পার হতে হচ্ছে।

যাত্রীরা বলছেন, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে তারা আনন্দ নিয়ে আবার কর্মস্থলে ফিরছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি ও ৩৩টি লঞ্চ নিয়োজিত রাখা হয়েছে।

এক যাত্রী বলেন, ‘উদ্দীপনার মধ্যে ভোট দিলাম। স্বজনদের সঙ্গে সময় কাটালাম। আমি ঢাকায় চাকরি করি, তাই যেতেই হবে। পরিবারের সবাইকে নিয়ে এসেছিলাম, আগামীকাল কাজে যোগ দেব।’

আরেক যাত্রী বলেন, ‘ভোট ও সাপ্তাহিক ছুটি একসঙ্গে পড়ায় আমরা ভালোমতো আসতে পেরেছি। আবার ভালোমতো যেতেও পারছি। তবে বাসসহ অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।’

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের মহাব্যবস্থাপক (জিএম) সালাম মিয়া জানান, যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে এই দুই নৌরুটের সবগুলো ফেরি ও লঞ্চ সচল রাখা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading