বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৫
উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৩৫
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন
গ্রেফতাররা হলেন, সদর উপজেলাড চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৪৫) এবং গোঠাপাড়া গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. শাকিল (৩৭)। পাশাপাশি বিস্ফোরণে গুরুতর আহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। আহত গ্রেফতারা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নতুন করে আরও দুজনকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা থেকে রাত দেড়টা সময় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, গতকালই গ্রেফতার করা হয়েছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে। এ ঘটনায় তদন্তকাজ চলছে। অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টায় চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন।
ইউডি/রেজা

