জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১৭

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এই ঐতিহাসিক সনদে সই করেন।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর যখন ২৪টি রাজনৈতিক দল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদে সই করেছিল, তখন এনসিপি তাতে অংশ নেয়নি। পরেও আর সনদে সই করেনি। সনদে সই না করার বিষয়ে তখন সংবাদ সম্মেলন করে তিনটি দাবি জানিয়েছিল এনসিপি।

১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ ও এই আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।

২. জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্টের (ভিন্নমত) কার্যকারিতা থাকবে না।

৩. গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত গাঠনিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কার করা সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

শুরুতে এনসিপি সই না করলেও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ গত ১৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছিলেন যে, কোনো দল চাইলে পরবর্তী সময়েও এই সনদে সই করার সুযোগ পাবে। সেই সুযোগ গ্রহণ করেই আজ যমুনায় গিয়ে তাদের অবস্থান পরিষ্কার করল এনসিপি।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন রাষ্ট্রপতি। এই আদেশের অধীনেই ১২ ফেব্রুয়ারি জুলাই সনদের মোট ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট হয়েছে।

সেখানে ‘হ্যাঁ’ ভোট জিতেছে। গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন আর ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading