মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি: আল আমিন

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি: আল আমিন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসেবে শপথ নিলেও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদে বিরোধী দলের জন্য নির্ধারিত বৈঠক কক্ষে আলোচনার পর এ সিদ্ধান্ত জানিয়েছে ১১ দলীয় জোটের অংশীদার দলটির নির্বাচিত প্রতিনিধিরা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ১২টা ৪২ মিনিটে দেওয়া একটি ফেসবুক পোস্টে লিখেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ও ‘সংসদ সদস্য’ দুই পদেই শপথ গ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচিত প্রতিনিধিগণ।

তিনি আরও বলেন, একই সঙ্গে বিএনপি জনগণের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করায় আমরা আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।

এর আগে আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের ম্যান্ডেট দিয়েছে- এ জন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।

এর আগে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানালে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। এরপর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন তারা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading