বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৫০
আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আমলে হয় একাধিক মামলা। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। মাশরাফি খেলার বাইরে থাকলেও আছেন অন্তরালে। এ দুজন নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে। পাশাপাশি বিসিবি নির্বাচন নিয়েও কথা বলেছেন সাবেক তারকা ফুটবলার।
এই দুজনের ব্যাপারে প্রশ্ন করা হলে নিজ বাসায় আমিনুল হক রাতে সাংবাদিকদের বলেছেন, “সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার। সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এ ব্যাপারে নমনীয় থাকবো। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক।”
আইনি বিষয় সমাধান করে তারা এই দুই তারকাকে ক্রিকেটীয় বিষয়ে ফেরাতে চান। আমিনুল স্পষ্ট করে বলেন, “যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে। আমরাও চাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।”
ইউডি/এবি

