মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:০০

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলিমদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে আমেরিকার ও কানাডা। মঙ্গলবার পৃথক বিবৃতিতে দেশ দুটির শীর্ষ নেতারা সংযম, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুভেচ্ছাবার্তায় বলেন, আজ আমি রমজান উদযাপনকারী সকলের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। রমজানকে আধ্যাত্মিক পুনর্জাগরণ, ধ্যান এবং স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময় হিসেবে বর্ণনা করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, এই পবিত্র সময়টি আমেরিকানদের প্রার্থনা ও উপবাসের ওপর গুরুত্বারোপ করে, পারিবারিক ও সাম্প্রদায়িক বন্ধন দৃঢ় করে এবং আমাদের মাঝে দয়া, দানশীলতা ও নম্রতার মতো অভিন্ন মূল্যবোধগুলোকে পুনরুজ্জীবিত করে। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারকে একটি জাতির সমৃদ্ধির অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মুসলিমদের অভিবাদন জানিয়ে বলেন, আজ সূর্যাস্তের পর কানাডা ও বিশ্বের অন্যান্য প্রান্তের মুসলিমরা পবিত্র রমজান পালন শুরু করবেন। তিনি উল্লেখ করেন যে, এটি আত্মশুদ্ধি এবং কৃতজ্ঞতা প্রকাশের মাস।

কানাডায় ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কার্নি বলেন, ঘৃণা ও বিদ্বেষ মোকাবিলা করা আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমাদের দেশে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই। তিনি আরও যোগ করেন, প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমাজে বিকশিত হওয়ার অধিকারই কানাডীয় মূল্যবোধের মূল ভিত্তি। প্রধানমন্ত্রী কার্নি ‌‘রমজান মোবারক’ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

বিশ্বের বিভিন্ন আরব ও মুসলিম দেশে বুধবার থেকে রমজান শুরু হচ্ছে। তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে কিছু দেশ একদিন পর রোজা শুরু করবে। তুরস্ক, ওমান, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার থেকে প্রথম রোজা পালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস হলো রমজান। কিছু দেশ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করলেও, অনেক দেশ এখন নির্ভুল জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী রমজানের সময় নির্ধারণ করছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading