১০ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল শুরু

১০ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল শুরু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৩৫

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্লান্টে তেল নিয়ে আসার পথে আমনুরা প্ল্যাটফর্মের কাছে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা বিপাকে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে সাহায্য করতে আসা রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে। এই জোড়া দুর্ঘটনার ফলে উদ্ধার কার্যক্রম থমকে যায় এবং রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি ওলট-পালট হয়ে যায়। স্টেশনে স্টেশনে শত শত যাত্রীকে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগ, এই একই স্থানে এর আগেও একাধিকবার ট্রেন লাইনচ্যুতি হয়েছে। রেল কর্তৃপক্ষ কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করায় বার বার এমন দুর্ঘটনা ঘটছে।

আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, প্রথমে রিলিফ ট্রেনটি এবং পরবর্তীতে তেলবাহী ওয়াগনগুলো উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রেলওয়ের কর্মকর্তাদের বিচক্ষণতায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading